সারাদেশ
বগুড়ায় নারীকে শ্বাসরোধে হত্যা, নগদ টাকা ও মোবাইল লুট
বগুড়ার দুপচাঁচিয়ায় বাড়িতে ঢুকে বিমলা পোদ্দার (৬৭) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তারা কয়েক লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গভীর রাতে উপজেলার তালোড়া বাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত বিমলা পোদ্দার ওই এলাকার হিমু পোদ্দার আগরওয়ালার বড় বোন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে টিনের চাল কেটে বিমলা পোদ্দারের ঘরে ঢোকে একদল দুর্বৃত্ত। তারা ঘরে থাকা বিমলার দুই ভাই ও তিন বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে মারধর করে। পরে তারা নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে নেয়। লুটে বাধা দিলে দুর্বৃত্তরা বিমলা পোদ্দারকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, নিহত বিমলা পোদ্দার ও তাঁর ভাইবোনেরা একসঙ্গে চাল ও ভূষির ব্যবসা করতেন। তাঁদের মধ্যে দুইজন প্রতিবন্ধী ও একজন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত শুরু হয়েছে। খুব শিগগিরই জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।