সারাদেশ

পাবনায় ট্রাকচাপায় স্কুল শিক্ষার্থীসহ ৩ জন নিহত, এলাকায় বিক্ষোভ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১১:৫২ এএম

পাবনায় ট্রাকচাপায় স্কুল শিক্ষার্থীসহ ৩ জন নিহত, এলাকায় বিক্ষোভ
ছবি: সংগৃহীত

পাবনায় ট্রাকচাপায় স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন এবং দুইজন আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের বাঙ্গাবাড়িয়া এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া আক্তার, ৫ম শ্রেণির শিক্ষার্থী আবু তোহা এবং ভ্যানের চালক আকরাম হোসেন।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সকালে একটি ব্যাটারিচালিত অটোভ্যানে কয়েকজন শিক্ষার্থী পাবনা ক্যাডেট কলেজের দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে বাঁশবোঝাই একটি ট্রাক অটোভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। খবর পেয়ে হাইওয়ে ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। ট্রাকটিকে পুলিশ হেফাজতে নিয়েছে, তবে চালক পালিয়ে গেছে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।