সারাদেশ

নাটোরে উদ্ধার সাড়ে ১৩ টন বন্দুকের গুলির খোসা, এলাকায় চাঞ্চল্য


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১২:৩১ পিএম

নাটোরে উদ্ধার সাড়ে ১৩ টন বন্দুকের গুলির খোসা, এলাকায় চাঞ্চল্য
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর বাজারে ‘শিহাব এন্টারপ্রাইজ’ নামের একটি গোডাউনে প্রায় সাড়ে ১৩ টন সরকারি বন্দুকের গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে আহমেদপুরে অভিযান চালিয়ে খোসাগুলো উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার তরিকুল ইসলাম ও অন্যান্য যৌথবাহিনীর সদস্যরা।

প্রতিষ্ঠানের মালিক শিহাব হোসেন জানান, গুলির খোসাগুলো তিনি সরকারি নিলামের মাধ্যমে বৈধভাবে ক্রয় করেছেন। তিনি বলেন, “ঢাকা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে সরকারি নিলামের মাধ্যমে একটি প্রতিষ্ঠান খোসাগুলো কিনেছিল। আমি সেই প্রতিষ্ঠানের কাছ থেকে আবার বৈধ প্রক্রিয়ায় পুনরায় ক্রয় করেছি। সব কাগজপত্র স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর কাছে দেখানো হয়েছে।”

পুলিশ সুপার তরিকুল ইসলাম নিশ্চিত করেছেন, “শিহাব এন্টারপ্রাইজে উদ্ধার হওয়া প্রায় সাড়ে ১৩ টন গুলির খোসা সম্পূর্ণ বৈধ নিলামের মাধ্যমে ক্রয় করা হয়েছে। প্রথমে বিষয়টি সন্দেহজনক মনে হলেও যাচাই-বাছাই শেষে দেখা গেছে, সবকিছু নিয়মমাফিক হয়েছে।”

এ ঘটনায় আতঙ্কের কোনো কারণ নেই, এবং প্রশাসনের পক্ষ থেকে পুনরায় যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।