সারাদেশ
বগুড়ায় চেয়ারম্যান প্রার্থী হত্যা মামলায় ৩ জনের ফাঁসি ও ৩ জনের যাবজ্জীবন
বগুড়ার গাবতলীতে চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হক হত্যার মামলায় তিনজনকে ফাঁসি এবং তিনজনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। দীর্ঘ আট বছর ধরে চলা বিচারিক প্রক্রিয়ার পর মঙ্গলবার (১১ নভেম্বর) বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাজাহান কবির রায় ঘোষণা করেন।
২০১৭ সালের ২৭ নভেম্বর গাবতলী উপজেলার দুর্গাহাটার বটিয়াভাঙ্গা এলাকায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হক (৪৫) হত্যাকাণ্ডের শিকার হন। তিনি মৃত ওসমান মোল্লার ছেলে ছিলেন। ঘটনার প্রায় আট বছর পর এই আলোচিত মামলার রায় ঘোষণা হলো।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা গুটু প্রামানিকের ছেলে বাবুল প্রাং (২৮) আব্দুল মালেকের ছেলে মানিক (২৮) কামরুজ্জামানের ছেলে মিশু (২৭) তারা সবাই দুর্গাহাটা ইউনিয়নের বাসিন্দা।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা মৃত মোজাহার আলী প্রামানিকের ছেলে পিন্টু ওরফে মাজেদুর রহমান (৪০) মৃত মগলা প্রামানিকের ছেলে দেলোয়ার হোসেন দুলু (৫৮) বিশু আকন্দের ছেলে আশিক (২৮), বটিয়াভাঙ্গা এলাকা, দুর্গাহাটা ইউনিয়ন।
শিশু আইনে বিচারাধীন ঘটনার সময় অপ্রাপ্তবয়স্ক হওয়ায় দুই আসামির বিচার শিশু আইনে চলছে- দেলোয়ার হোসেন দুলুর ছেলে শাফায়াত হোসেন পাপ্পু (২৬) মুন্না ওরফে তৌহিদুল ইসলাম পল্লব ওরফে প্লাবন (২০) খালাসপ্রাপ্ত চার্জশিটভুক্ত ৮ নম্বর আসামি আব্দুল মান্নান সাকিদারের ছেলে শান্ত সাকিদার (২৯) অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন।
রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে উপস্থিত ভিকটিম পরিবারের সদস্যরা বিচারককে ধন্যবাদ জানিয়ে দ্রুত রায় কার্যকরের দাবি জানান।