সারাদেশ
বগুড়া-৩ আসনে হাওয়া বইছে নির্বাচনী মাঠে - কে হচ্ছেন আগামী সংসদ সদস্য?
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বগুড়া-৩ (দুপচাঁচিয়া–আদমদীঘি) আসনে নির্বাচনী আমেজ বইছে পুরো এলাকায়। সম্ভাব্য চারজন প্রার্থী ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন প্রচারণায়।
মোটরসাইকেল শোডাউন, গণসংযোগ, উঠান বৈঠক ও সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজেদের প্রার্থীতা প্রকাশ করছেন তারা। এতে করে এলাকার রাজনীতি বেশ জমে উঠেছে।
দুপচাঁচিয়া ও আদমদীঘি উপজেলাকে নিয়ে গঠিত এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন—
বিএনপি মনোনীত প্রার্থী: আব্দুল মহিত তালুকদার (ধানের শীষ)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী: নূর মোহাম্মদ আবু তাহের (দাঁড়িপাল্লা)
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী: অ্যাডভোকেট মুহাম্মদ ইজাজ আল ওয়াসী জ্বীম (শাপলা কলি)
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী: অধ্যাপক শাহজাহান আলী তালুকদার (হাতপাখা)
স্বাধীনতার পর থেকে এই আসনটি মূলত বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। তবে ২০০৮ সালের পর থেকে বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ায় আসনটি যায় আওয়ামী লীগ–সমর্থিত শরিক দল জাতীয় পার্টির (এরশাদ) হাতে। এবার আবারও আসনটি পুনরুদ্ধারের লক্ষ্যে মাঠে নেমেছে বিএনপি। দলটির প্রার্থী ও নেতাকর্মীরা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দিন-রাত কাজ করছেন, উঠান বৈঠক ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন সর্বত্র।
অন্যদিকে, জামায়াতে ইসলামী এবার প্রথমবারের মতো এককভাবে নির্বাচনে লড়ছে। প্রায় তিন মাস আগে গুনাহার ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহেরকে প্রার্থী ঘোষণা করে দলটি আগেভাগেই প্রচারণা শুরু করে। ফলে স্থানীয়ভাবে জামায়াতের অবস্থানও বেশ দৃশ্যমান হয়ে উঠেছে।
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র প্রার্থী অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসী জ্বীমও এলাকায় আলোচনায় আছেন। তিনি পোষ্টার–ফেস্টুন, ব্যানার এবং সামাজিক প্রচারণার মাধ্যমে নিজেকে পরিচিত করে তুলছেন ভোটারদের কাছে। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যাপক শাহজাহান আলী তালুকদারও তার কর্মীদের নিয়ে প্রতিদিন মাঠে কাজ করছেন, ব্যানার–ফেস্টুনে ভরিয়ে তুলছেন সংবেদনশীল এলাকাগুলো।
এলাকার হাট–বাজার, চা-স্টল ও সামাজিক আড্ডায় এখন সবচেয়ে আলোচিত বিষয়-কে হচ্ছেন বগুড়া-৩ আসনের আগামী সংসদ সদস্য?
রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয়দের মতে, বিএনপির শক্ত ঘাঁটি হলেও জামায়াত ও এনসিপির আগমন ভোটের সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।
সব মিলিয়ে বগুড়া-৩ আসন এখন নির্বাচনী উৎসবমুখর। প্রার্থীদের প্রচারণায় সরগরম মাঠ, আর ভোটারদের মুখে একটাই প্রশ্ন- “কে বসবেন দুপচাঁচিয়া–আদমদীঘির প্রতিনিধিত্বের আসনে?”