সারাদেশ
বহিষ্কার হলেন নওগাঁর পোরশা উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল
দলের শীর্ষ নেতার বিরুদ্ধে অপপ্রচার ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নওগাঁ পোরশা উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল শাহকে সাময়িকভাবে বহিষ্কার করেছে নওগাঁ জেলা বিএনপি। এ সিদ্ধান্তের ফলে তার প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে তিনি অব্যাহতি পেয়েছেন।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন স্বাক্ষরিত এক পরিপত্রে মোজাম্মেল শাহকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন ঢাকাপ্রকাশকে বিষয়টি নিশ্চিত করে বলেন, 'দলের শৃঙ্খলা বজায় রাখতে এবং সংগঠনকে সুসংগঠিত রাখতে কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে। দলবিরোধী কার্যক্রম ও শীর্ষ নেতাদের বিরুদ্ধে অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।'
সাময়িকভাবে বহিষ্কার বিষয়ে মোজাম্মেল শাহ ঢাকাপ্রকাশকে বলেন, 'লোক মুখে শুনছি তারা একটি পরিপত্র ফেসবুকে দেখেছে। সাময়িক বহিষ্কার বিষয়ে নওগাঁ জেলা বিএনপি থেকে আমি কোনো নোটিশ পাইনি। তবে দল সিদ্ধান্ত নিয়েছে সাধুবাদ জানাই। আমাদের বিশ্বাস, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিরপেক্ষ ব্যক্তিদের মাধ্যমে তদন্ত করে সঠিক তথ্য জানতে পারলে তিনি বিগত আন্দোলন সংগ্রামে আমাদের ভূমিকার কারণে বহিষ্কার নয়; পুরস্কৃত করবেন বলেও জানান তিনি।'