সারাদেশ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নওগাঁয় বিএনপি নেতা বহিষ্কার


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫ পিএম

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নওগাঁয় বিএনপি নেতা বহিষ্কার
ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁর রাণীনগরে দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বেদারুল ইসলামকে সাময়িকভাবে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। তিনি উপজেলার ২নং কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। বহিষ্কারের চিঠিতে তাঁকে সাবেক সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের স্বাক্ষরিত এক দলীয় চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়। সন্ধ্যায় রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন মুঠোফোনে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।

বহিষ্কারাদেশে বলা হয়- দলের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার ও দলীয় ক্ষতিসাধনের অপচেষ্টার অভিযোগে নওগাঁ জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক বেদারুল ইসলামকে দলীয় পদ মর্যাদা থেকে সাময়িক বহিষ্কার করা হলো। একই সঙ্গে তাঁকে দলীয় সব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে এবং দলের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে কোনো যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন জানান, তারেক রহমান সম্পর্কে ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার কারণে জেলা বিএনপি তাঁকে বহিষ্কার করেছে। এর আগে বেদারুল ইউনিয়ন ও উপজেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে মিথ্যা পোস্ট দেওয়ায় তাঁকে ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। জবাব দিতে ব্যর্থ হওয়ায় তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

অপরদিকে বারবার ফোন করেও সদ্য বহিষ্কৃত বেদারুল ইসলামের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত জুলাই মাসেও সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদাবাজির অভিযোগ তুলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে রাণীনগর উপজেলা বিএনপি তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেয়। পরবর্তীতে ২৪ জুলাই এক প্রেস বিজ্ঞপ্তিতে ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকেও তাঁকে অব্যাহতি দেওয়া হয় এবং সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, গত ১৭ ও ১৮ জুলাই “Bedarul Islam” নামে একটি ফেসবুক আইডি থেকে উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেনসহ একাধিক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করে পোস্ট দেওয়া হয়।