সারাদেশ
পাবনায় ৮ কুকুরছানা হত্যা মামলায় জামিন পেলেন সেই গৃহবধূ নিশি
পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানা হত্যা মামলায় সরকারি কর্মকর্তার স্ত্রী, গৃহবধূ নিশি রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে পাবনা আমলী আদালত-২ এর বিচারক তারিকুল ইসলাম শুনানি শেষে জামিনের আদেশ দেন। পরবর্তী হাজিরার দিন ধার্য করা হয়েছে আগামী বছরের ১১ জানুয়ারি।
রাষ্ট্রপক্ষের সহায়তাকারী আইনজীবী অ্যাডভোকেট মোশফেকা জাহান কণিকা বলেন, মামলাটি জামিনযোগ্য অপরাধ হওয়ায় এবং নারী বিবেচনায় জামিন মঞ্জুর করা হয়েছে। তিনি আরও জানান, তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলের পর আদালতে প্রয়োজনে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের স্থানীয় প্রতিনিধি প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, এই পদক্ষেপ নিষ্ঠুরতা ও হিংস্রতার বিরুদ্ধে সতর্কবার্তা হিসেবে নেওয়া হয়েছে। অভিযোগ কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং পশুদের প্রতি হিংস্রতা রোধ করাই মূল লক্ষ্য।
ঘটনার বিবরণে জানা গেছে, ঈশ্বরদী উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন এর স্ত্রী নিশি রহমান, রোববার রাতের কোনো এক সময় বস্তার মধ্যে আটটি কুকুরছানা বেঁধে উপজেলা পরিষদের পুকুরে ফেলে দেন। পরদিন সকালে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে নিশি রহমানকে গ্রেপ্তার করা হয় এবং প্রথমে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়।