সারাদেশ
অতিরিক্ত ঠান্ডায় নলডাঙ্গায় রেললাইনে ফাটল, যাত্রীদের মধ্যে উদ্বেগ
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকায় অতিরিক্ত ঠান্ডার প্রভাবে রেললাইনে ফাটল দেখা দিয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে মাধনগর রেলস্টেশনের দক্ষিণে ২৫৩ নম্বর পিলারের কাছে স্থানীয়রা প্রথম ফাটলটি লক্ষ্য করেন। বিষয়টি দ্রুতই কর্তৃপক্ষের নজরে আসে।
খবর পেয়ে রেলওয়ের ট্রলিম্যান জুলফিকার হোসেন তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন। অল্প সময়ের মধ্যেই রেলওয়ের মেরামত দল ঘটনাস্থলে পৌঁছে যায় এবং সকাল সাড়ে ১১টার দিকে ফাটল মেরামতের কাজ সম্পন্ন হয়।
স্থানীয় এলাকাবাসী ও গ্রাম পুলিশ সদস্য নাজমুল হোসেন জানান, এনড়ার পাড় এলাকায় ১ নম্বর লাইনে ফাটল দেখা দেওয়ার পর যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। নিরাপত্তার স্বার্থে মেরামত চলাকালে ওই লাইনে ট্রেন চলাচল ধীরগতিতে রাখা হয়, যাতে কোনো দুর্ঘটনার ঝুঁকি না থাকে।
এদিকে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রেলকর্মী ও স্থানীয়দের ধারণা, সাম্প্রতিক অতিরিক্ত ঠান্ডার কারণেই রেললাইনে এমন ফাটল সৃষ্টি হয়েছে।
এর আগে, সম্প্রতি পাশের বিরকুৎসা রেলস্টেশনের উত্তরে একই ধরনের আরেকটি রেললাইন ফাটল ধরা পড়ে, যা পরে মেরামত করা হয়। পুনরায় এমন ঘটনা ঘটায় রেললাইন নিরাপত্তা নিয়ে এলাকাবাসীর উদ্বেগ বেড়েছে।