সারাদেশ

১৭ ঘণ্টা পরও উদ্ধার হয়নি গর্তে আটকে পড়া ২ বছরের শিশু স্বাধীন


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ এএম

১৭ ঘণ্টা পরও উদ্ধার হয়নি গর্তে আটকে পড়া ২ বছরের শিশু স্বাধীন
ছবি: সংগৃহীত

রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু স্বাধীনকে ১৭ ঘণ্টা পরও উদ্ধার করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে উদ্ধারের জন্য সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করেছেন। প্রায় ৩০ ফুট গভীর গর্ত পর্যন্ত খননকাজ শেষ হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে যায় শিশু স্বাধীন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রথমে একটি স্কেভেটর দিয়ে খনন শুরু হলেও পরে আরও দুটি স্কেভেটর যোগ করা হয়। রাতভর কাজ চালায় তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের তিনটি ইউনিট।

বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কয়েক দফা গর্তে ক্যামেরা নামিয়ে শিশুটির অবস্থান শনাক্ত করার চেষ্টা করে উদ্ধারকারী দল। তবে ওপর থেকে পড়া মাটি ও খড়ের স্তরের কারণে তাকে দেখা যায়নি। দুপুরে শিশুটির কান্নার শব্দ শোনা গেলেও, পরে আর কোনো সাড়া পাওয়া যায়নি।

সকাল হতে না হতে উদ্ধারস্থলে শত শত উৎসুক মানুষের ভিড় জমে যায়। এতে উদ্ধার কার্যক্রম ব্যাহত হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের সরিয়ে রাখতে হিমশিম খেতে হচ্ছে।

রাজশাহী ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম জানিয়েছেন, “উদ্ধার কাজ চলছে। গর্ত কাটা শেষে সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে।”

উদ্ধারকারী দলের সদস্যরা আশাবাদী হলেও শিশুটির অবস্থার বিষয়ে কোনো নিশ্চয়তা দিতে পারেননি। উদ্ধার পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।