সারাদেশ

গর্তে নিখোঁজের ৩২ ঘণ্টা পর উদ্ধার শিশু সাজিদ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৭ পিএম

গর্তে নিখোঁজের ৩২ ঘণ্টা পর উদ্ধার শিশু সাজিদ
পাওয়া গেছে গর্তে নিখোঁজ শিশু সাজিদকে। ছবি: সংগৃহীত

রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হওয়া দুই বছরের শিশু সাজিদকে ৩২ ঘণ্টা পর অবশেষে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে দীর্ঘ সময়ের টানা অভিযানের পর শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে তার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করছেন চিকিৎসকেরা।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, “রাত ৯টার দিকে আমরা শিশুটিকে উদ্ধার করেছি। তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকেরা পর্যবেক্ষণের পর অবস্থার বিষয়ে জানাবেন।”

গতকাল বুধবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট উত্তরপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। সাজিদ ওই গ্রামের রাকিবের ছেলে।

শিশুটির মা রুনা খাতুন জানান, দুপুরে দুই ছেলেকে নিয়ে বাড়ির পাশের মাঠে যাচ্ছিলেন তিনি। ছোট সন্তানটি তাঁর কোলে ছিল, আর সাজিদ হাঁটছিল পাশে। হঠাৎ সাজিদ “মা” বলে ডাকলে তিনি পেছনে তাকিয়ে দেখেন, ছেলে আর নেই। খড় দিয়ে ঢাকা গভীর গর্তের ভেতর থেকে তার চিৎকার শোনা যায়। খড় থাকায় গর্তটি তাঁরা কেউই বুঝতে পারেননি। মুহূর্তেই সেখানে পড়ে যায় সাজিদ।

ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগের সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, বেলা আড়াইটায় খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। এর আগেই স্থানীয়রা উদ্ধার করতে গিয়ে গর্তের ভেতর কিছু মাটি ফেলে ফেলেছিলেন, যা উদ্ধারকাজ আরও জটিল করে তোলে।

স্থানীয়রা জানান, এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় গভীর নলকূপ বসানো নিষিদ্ধ। তারপরও কোয়েলহাট গ্রামের কছির উদ্দিন প্রায় এক বছর আগে পানি আছে কিনা তা দেখতে একটি গর্ত খনন করেন। পরে তা মাটি দিয়ে ভরাট করা হলেও বর্ষার সময় মাটি বসে গিয়ে পুনরায় গভীর গর্ত তৈরি হয়। সেই অবহেলায় ফেলে রাখা গর্তেই পড়ে যায় সাজিদ।