সারাদেশ

৩২ ঘণ্টা পর উদ্ধার হলেও বাঁচানো গেল না শিশু সাজিদকে


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:২৪ পিএম

৩২ ঘণ্টা পর উদ্ধার হলেও বাঁচানো গেল না শিশু সাজিদকে
ছবি: সংগৃহীত

রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে ৩২ ঘণ্টা নিখোঁজ থাকার পর উদ্ধার হওয়া দুই বছরের শিশু সাজিদ শেষ পর্যন্ত বাঁচল না। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ১০টার দিকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তানোরের ইউএনও নাঈমা খান।

এর আগে রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। তিনটি স্টেশনের সদস্যদের অংশগ্রহণে টানা উদ্ধার অভিযানে ৪০ ফুট মাটি খনন করতে হয়।

ঘটনাটি ঘটে বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, জমিতে আটকে যাওয়া একটি ট্রলি দেখতে গিয়েছিলেন সাজিদের বাবা রাকিব ও মা। তাদের সঙ্গে থাকা সাজিদ মায়ের কোলে থেকে নেমে হাঁটতে হাঁটতে একটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায়। গর্তটি খড় দিয়ে ঢাকা থাকায় শিশুটি বা তার পরিবার কেউই বিষয়টি আগে বুঝতে পারেননি।

শিশুটি পড়ে যাওয়ার পর স্থানীয়রা প্রথমে উদ্ধারচেষ্টা শুরু করেন। পরে তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। শিশুটিকে জীবিত রাখতে গর্তে পাইপ ফেলে অক্সিজেন সরবরাহ করা হয়। পাশাপাশি গর্তের পাশ থেকে এক্সকেভেটর দিয়ে মাটি খনন করা হয়। বৃহস্পতিবার উদ্ধার প্রচেষ্টায় যুক্ত হয় মোট আটটি ইউনিট।

লম্বা সময়ের টানা প্রচেষ্টার পর রাত ৯টার দিকে শিশুটিকে গর্তের গভীর থেকে উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পর তাকে আর প্রাণ ফিরে দেওয়া সম্ভব হয়নি।