সারাদেশ
বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমানের কার্যালয় থেকে তার প্রতিনিধি হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
এ সময় কার্যালয়ের বাইরে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত থেকে উচ্ছ্বাস প্রকাশ করেন। মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, সাবেক সংসদ সদস্য ও বগুড়া-৫ আসনের প্রার্থী জিএম সিরাজ, জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র উত্তোলনের পর রেজাউল করিম বাদশা সাংবাদিকদের জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া সদর আসন থেকে প্রার্থী হচ্ছেন। তিনি বলেন, “তারেক রহমানের মতো একজন জাতীয় নেতার এই আসন থেকে নির্বাচনে অংশ নেওয়া আমাদের জন্য সম্মানের। আমরা আশাবাদী, বগুড়াবাসী তাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।”
একই দিনে বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম রব্বানী স্বশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমান এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।
উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে অবস্থানের পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন।