সারাদেশ
বাদ পড়লেন মান্না, বগুড়া-২ আসনে চূড়ান্ত মনোনয়ন পেলেন শাহে আলম
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী নিয়ে চলমান অনিশ্চয়তার অবসান হয়েছে। শেষ পর্যন্ত এই আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম। ফলে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার বিএনপি-সমর্থিত প্রার্থী হওয়ার সম্ভাবনা আর থাকল না।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে মীর শাহে আলমের মনোনয়ন নিশ্চিত করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ। স্থানীয় নেতাকর্মীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে দলীয় হাইকমান্ড শেষ পর্যন্ত এই আসনে শাহে আলমকেই মনোনীত করেছে।
এর আগে বগুড়া-২ আসনটি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ছিল বিএনপির। তবে ঋণখেলাপি সংক্রান্ত জটিলতায় তার প্রার্থিতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সোমবার সকালে ঢাকার চেম্বার আদালত মান্নার নাম ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন এবং তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার কথা বলেন। এতে করে আসনটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
মনোনয়ন পাওয়ার পর মীর শাহে আলম বলেন, দলের পক্ষ থেকে আজ আমাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বিকেল ৩টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেব।
জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ জানান, আনুষ্ঠানিকভাবে মীর শাহে আলমকেই মনোনয়ন দেওয়া হয়েছে। তবে মান্নাকে আসন ছাড়ার যে আলোচনা ছিল, সে বিষয়ে দল পরবর্তী সময়ে চূড়ান্ত অবস্থান জানাবে।