সারাদেশ
কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির মৃত্যু
নওগাঁয় কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রশিদ (৫৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি শনিবার সন্ধ্যায় মুঠোফোনে নিশ্চিত করেন নওগাঁ জেলা কারাগারের ডেপুটি জেলার আবুল কালাম আজাদ।
মৃত আব্দুর রশিদ নওগাঁ জেলার রাণীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের কুজাইল হিন্দু পাড়া গ্রামের মৃত কান্দুর প্রামাণিকের ছেলে। তিনি ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
কারা কর্তৃপক্ষ জানায়, আব্দুর রশিদ ১৯০৮ সালের বিস্ফোরক আইনের একটি মামলায় কারাগারে আটক ছিলেন। শনিবার হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে কারাগার থেকে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। বিকেল ৪টা ১০ মিনিটে হাসপাতালে ভর্তি করানো হলে ৪টা ৩৫ মিনিটে তিনি মারা যান। প্রাথমিকভাবে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। তার মৃত্যুর খবর পরিবারের সদস্যদের জানানো হয়েছে।
নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও ডা. আবু জার গাফফার জানান, বিকেল ৪টা ১০ মিনিটে আব্দুর রশিদ নামে এক হাজতিকে হাসপাতালে আনা হয়। কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন। হার্ট অ্যাটাকেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা ধারণা করছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে রাণীনগর থানার পুলিশ উপজেলার কুজাইল গ্রামে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-টু’ অভিযান চালায়। এ সময় উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে মোতালেব হোসেন নামে এক যুবলীগ নেতাকেও আটক করা হয়।
পরদিন শুক্রবার (২৬ ডিসেম্বর) তাদের দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। শনিবার কারা হেফাজতে থাকা অবস্থায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুর রশিদ।