সারাদেশ
জয়পুরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ
আন্তর্জাতিক সীমান্ত আইন উপেক্ষা করে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকায় আবারও কাঁটাতারের বেড়া বসানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) তাৎক্ষণিক বাধার মুখে ওই কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয় বিএসএফ।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার উচনা সীমান্তের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সকাল ১০টার পর থেকে ওই সীমান্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা যায়, পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে ২৮১ নম্বর মেইন পিলারের নিকটবর্তী সাব-পিলার ৪৭, ৪৮ ও ৪৯ এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায় বিএসএফ সদস্যরা। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা দ্রুত জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের কয়া ক্যাম্পে খবর দেন।
খবর পেয়ে বিজিবির একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিএসএফকে কাজ বন্ধ করতে অনুরোধ জানায়। পরে দুই বাহিনীর মধ্যে আলোচনা হলে বিএসএফ সদস্যরা বেড়া নির্মাণের কাজ বন্ধ করে দেয়।
ঘটনার পর সীমান্ত পরিস্থিতি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিজিবির পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।
উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালের সেপ্টেম্বর এবং গত বছরের জানুয়ারি ও ডিসেম্বর মাসে একই এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা করেছিল বিএসএফ। প্রতিবারই বিজিবির বাধায় সেই উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়নি।