সারাদেশ

নাটোরে বিএনপির কার্যালয় ভাঙচুর করলো আ.লীগ নেতাকর্মীরা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৯ পিএম

নাটোরে বিএনপির কার্যালয় ভাঙচুর করলো আ.লীগ নেতাকর্মীরা
ছবি: সংগৃহীত

নাটোরের নলডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র একটি কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। বিএনপির দাবি, কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ-এর নেতাকর্মী ও সমর্থকরাই এ হামলার সঙ্গে জড়িত।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে নলডাঙ্গা উপজেলার ছাতারভাগ এলাকার ব্রক্ষপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, সন্ধ্যার পর আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী কার্যালয়ে প্রবেশ করে চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু-র ছবি মাটিতে ফেলে দেয় বলে অভিযোগ করা হয়।

৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাকিব বলেন, “আওয়ামী লীগের দোসররা সন্ধ্যায় আমাদের বিএনপির অফিসে অতর্কিত হামলা চালায়। এ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির ভাতিজা আরিফুল ইসলাম বাচ্চু, মোখলেছুর রহমান মোখলেছ ও কাসেমসহ কয়েকজন এসে ভাঙচুর চালিয়ে দ্রুত পালিয়ে যায়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি করছি।”

এ বিষয়ে অভিযুক্ত আরিফুল ইসলাম বাচ্চুর বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার নম্বর বন্ধ পাওয়া যায়। ফলে অভিযুক্তদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি এলাকায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।