সারাদেশ
ট্রেন লাইনচ্যুত: বগি উদ্ধারে আনা হয়েছে দুটি রিলিফ ট্রেন
বগুড়ার সান্তাহারে নীল সাগর ট্রেনের লাইনচ্যুত ৯টি বগি উদ্ধারে আনা হয়েছে রিলিফ ট্রেন। বুধবার ১৮মার্চ সন্ধ্যায় ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে দুটি রিলিফ ট্রেনটি আনা হয়। বর্তমানে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার কাজ চলমান আছে। রাত সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খাতুন।
এর আগে এদিন দুপুর ২টায় সান্তাহার জংশন স্টেশনের বাগবাড়ী দক্ষিণ পাড়া নামক স্থানে ঢাকা থেকে আসা নীল সাগর ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। এঘটনায় প্রায় শতাধিক ট্রেন যাত্রী আহত হয়েছে। ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, পুলিশ ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। দূর্ঘটনায় আহতদের উদ্ধার করে আদমদীঘি ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে সদর হাসপাতালে আহত যাত্রীদের দেখতে যান নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। তিনি আহদের উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকদের নির্দেশনা প্রদান করেন।
এদিকে ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে সান্তাহার সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এবং দুর্ঘটনাকবলিত ট্রেনের চালক পলাতক রয়েছে।
অপরদিকে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ হওয়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এতে অনেকের ঈদ আনন্দ নিরানন্দে পরিণত হয়েছে।
জানতে চাইলে সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খাতুন মুঠোফোনে বলেন, লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের জন্য ঈশ্বরদী ও পাকশী থেকে দুটি রিলিফ ট্রেন আনা হয়েছে। উদ্ধার কাজ দ্রুত গতিতে চলছে। যতদ্রুত সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
উল্লেখ, দুপুর ২ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নীল সাগর ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনের বাগবাড়ী দক্ষিণ পাড়া নামক স্থানে পৌঁছলে ৯টি বগি লাইনচ্যুত হয়। মর্মান্তিক এই দুর্ঘটনা চালকের অদক্ষতা ও স্টেশন মাস্টারের দায়িত্ব অবহেলায় হয়েছে বলে জানায় স্থানীয়রা।
দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ হওয়ায় বিভিন্ন স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে যাত্রীদের ভোগান্তি বেড়েছে বহুগুনে। তাই রেল চলাচল কখন স্বাভাবিক হবে নির্দিষ্ট করে কেউ কিছু বলতে পারছেনা।