সারাদেশ
বিদ্যুৎসাশ্রয়ী সড়কবাতি শিখতে ফ্রান্স সফরে যেতে চান রাসিকের দুই কর্মকর্তা
বিদ্যুৎসাশ্রয়ী সড়কবাতি প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনের লক্ষ্যে ১১ দিনের সফরে ফ্রান্সে যাওয়ার পরিকল্পনা করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী। এ বিষয়ে প্রয়োজনীয় অনুমতি চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবর সম্প্রতি একটি চিঠি পাঠানো হয়েছে।
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, সিগনিফাই বাংলাদেশের আমন্ত্রণে প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট আগামী ২০ থেকে ৩০ জুন পর্যন্ত ফ্রান্সে অবস্থান করবেন। সফরকালে তারা সিগনিফাই ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শন করবেন এবং আধুনিক বিদ্যুৎসাশ্রয়ী সড়কবাতি প্রযুক্তি সম্পর্কে ধারণা নেবেন।
চিঠিতে এ সফরের অনুমোদন দিয়ে সরকারি আদেশ জারির অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, আমন্ত্রণ পাওয়ার পরই সংশ্লিষ্ট কর্মকর্তাদের ফ্রান্স সফরের অনুমতির জন্য আবেদন করা হয়েছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি মশক নিধন কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফর প্রস্তাবের বিষয়ে মতামত দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, মশক নিধনের পদ্ধতি শেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার প্রয়োজন নেই। দেশের মধ্যেই এ বিষয়ে কার্যকর উপায় খুঁজে পাওয়া সম্ভব। পরে তিনি ওই প্রস্তাবটি সরাসরি নাকচ করেন।