সারাদেশ

পদ্মার তীরে বস্তাবন্দী কিশোরীর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার আশঙ্কা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৬:৩৩ পিএম

পদ্মার তীরে বস্তাবন্দী কিশোরীর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার আশঙ্কা
ছবি: সংগৃহীত

পাবনার পদ্মা নদীর তীর থেকে হাত বাঁধা অবস্থায় এক কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) সকাল প্রায় ১০টার দিকে সদর উপজেলার বলরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে কিশোরীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, তার বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে। মরদেহে একটি রুপার চেইন পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কয়েকজন কৃষক পদ্মার চরে কাজ করতে যাওয়ার সময় নদীর তীরে একটি সন্দেহজনক বস্তা দেখতে পান। পরে বস্তাটি নাড়াচাড়া করলে ভেতরে মানুষের মতো কিছু অনুভব করেন তারা। বিষয়টি নিশ্চিত হয়ে দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এদিকে স্থানীয়দের দাবি, মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে ওই এলাকায় একটি প্রাইভেট কার দেখা যায়। গাড়িটিতে চারজন যুবক ছিলেন বলে জানান তারা। স্থানীয়দের সন্দেহ, কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে বস্তাবন্দী অবস্থায় নদীতে ফেলে দেওয়া হয়েছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ, অপরাধ তদন্ত বিভাগ ও নৌ পুলিশের সদস্যরা উপস্থিত রয়েছেন। মরদেহের পরিচয় শনাক্ত এবং হত্যার রহস্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে কাজ করছে।