সারাদেশ

নাটোরে শিশু ধর্ষণ: গণপিটুনির পর আটক অভিযুক্ত


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৭:০২ পিএম

নাটোরে শিশু ধর্ষণ: গণপিটুনির পর আটক অভিযুক্ত
ছবি: সংগৃহীত

নাটোর সদর উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২ জুন) বিকেলে এ ঘটনা ঘটে, যা জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ওইদিন বিকেলে শিশুটি প্রতিবেশী এক বৃদ্ধার সঙ্গে বাড়ির পাশের মাঠে গরুর জন্য ঘাস কাটতে যায়। পরে একা বাড়ি ফেরার পথে অভিযুক্ত শরিফুল (৪৫) তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ফুসলিয়ে নেয়।

অভিযোগ রয়েছে, এরপর শিশুটিকে রাস্তার পাশের নির্জন একটি জঙ্গলে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায় শরিফুল। পরে শিশুটি বাড়ি ফিরে বিষয়টি পরিবারকে জানালে স্বজনরা দ্রুত তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. মঈনুল ইসলাম জানান, প্রাথমিক পরীক্ষায় শিশুটির শরীরে নির্যাতনের সুস্পষ্ট আলামত পাওয়া গেছে। বিস্তারিত পরীক্ষার জন্য গাইনি বিশেষজ্ঞ ডা. জেসমিনকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং পূর্ণাঙ্গ প্রতিবেদন পরে দেওয়া হবে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে বুধবার (৩ জুন) সন্ধ্যায় বিক্ষুব্ধ এলাকাবাসী শরিফুলের বাড়িতে গিয়ে তাকে ধরে এনে গণপিটুনি দেয়। এ সময় তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভও করে।

খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে গুরুতর আহত অবস্থায় শরিফুলকে উদ্ধার করে আটক করা হয় এবং চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং এলাকার পরিস্থিতি শান্ত করা হয়েছে। ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লিখিত অভিযোগ পেলেই আইনি প্রক্রিয়া কঠোরভাবে নেওয়া হবে।

এলাকাবাসী ও শিশুটির পরিবার এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।