সারাদেশ

যুবদলের ১৫১ সদস্যের কমিটিতে নওগাঁর দুই মুখ


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১১:২৪ পিএম

যুবদলের ১৫১ সদস্যের কমিটিতে নওগাঁর দুই মুখ
যুবদলের ১৫১ সদস্যের কমিটিতে নওগাঁর দুই মুখ। ছবি: ঢাকাপ্রকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবঘোষিত এ কমিটিতে গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন নওগাঁ জেলার দুই মুখ।

বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদনের তথ্য জানানো হয়। কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কেন্দ্রীয় দপ্তর থেকে প্রকাশিত অনুমোদিত তালিকা অনুযায়ী, নওগাঁর এ্যাডভোকেট মাহমুদুস সালেহিন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং কে এস এম মুসাব্বির শাফি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ড, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তাদের কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন কমিটিতে নওগাঁ জেলার প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়ায় জেলার নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় নেতারা মনে করছেন, কেন্দ্রীয় পর্যায়ে নওগাঁর নেতৃত্বের উপস্থিতি জেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করবে।

এদিকে, কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া দুই নেতাকে অভিনন্দন জানিয়ে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তা প্রকাশ করছেন। তারা নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।