সারাদেশ

নওগাঁ সীমান্তে ১৭ জনকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা, বিজিবির বাধা


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৮:০২ পিএম

নওগাঁ সীমান্তে ১৭ জনকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা, বিজিবির বাধা
নওগাঁ সীমান্তে ১৭ জনকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা, বিজিবির বাধা। ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁর সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্ত এলাকায় নারী, পুরুষ ও শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। তবে বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে তারা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা গেছে, ভারতের পান্নাছাড়া সীমান্ত ফাঁড়ির সদস্যরা ১৭ জন ব্যক্তিকে বাংলাদেশের দিকে নিয়ে আসার চেষ্টা করে। খবর পেয়ে হাঁপানিয়া বিওপির বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের ভারতীয় শূন্য রেখার ভেতরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করেন।

শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে। তারা বর্তমানে সীমান্তের শূন্য রেখা এলাকায় অবস্থান করছে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, ঘটনার পর সীমান্ত এলাকায় নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। তিনি বলেন, অবৈধভাবে কাউকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া হবে না। সংশ্লিষ্ট ব্যক্তিদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।