সারাদেশ
হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, তারপর...
নাটোর ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতালে অসুস্থ কন্যা শিশুর চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক মা। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে ভুক্তভোগী নারীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, চার দিন আগে অসুস্থ শিশুকন্যাকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করান ওই নারী। রোববার (৭ জুন) রাত ১০টার দিকে ওষুধ দেওয়ার কথা বলে হাসপাতালের আউটসোর্সিং সুইপার অমিত তাকে ডেকে নিয়ে যান। পরে তাকে হাসপাতালের ছয়তলার সিঁড়িঘরে নিয়ে ধর্ষণ করা হয়। এ সময় অমিতের দুই সহযোগী অনিল ও প্রাঙ্গন মোবাইলে ঘটনার ভিডিও ধারণ করে।
রাত প্রায় ২টার দিকে শিশুটি দীর্ঘ সময় একা থাকায় শিশু ওয়ার্ডের দায়িত্বরত নার্স ও ওয়ার্ডবয়রা তার মাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে দায়িত্বরত আনসার সদস্যের সহায়তায় সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে ছয়তলায় গিয়ে অভিযুক্তদের হাতেনাতে আটক করা হয়।
হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মো. আরশেদ আলী জানান, ঘটনায় জড়িতদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ বলেন, ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল।