সারাদেশ
মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপির দুই নেতাকে বহিষ্কার
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাদক সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে জয়পুরহাটের পাঁচবিবি পৌর বিএনপির দুই শীর্ষ নেতা দল থেকে বহিষ্কৃত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে পাঁচবিবি পৌর বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন পাঁচবিবি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল সরকার এবং সাংগঠনিক সম্পাদক ফিরোজ মণ্ডল। তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযোগের ভিত্তিতে তাদেরকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সিদ্ধান্তটি কার্যকর করেন পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মণ্ডল এবং যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস।
এর আগে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে ওই দুই নেতাকে মাদক সদৃশ বস্তু সেবন করতে দেখা যায় বলে অভিযোগ ওঠে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তবে এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মণ্ডল বলেন, ভিডিওতে মাদক সেবনের দৃশ্য দেখা গেছে, যা দলীয় শৃঙ্খলা পরিপন্থী। তাই তাদের বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও একই জেলার আরেক বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ছড়িয়ে পড়লে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল এবং তদন্ত কমিটি গঠন করা হয়।