সারাদেশ
নাটোরে বাড়ির গেটে কাফনের কাপড়, চিরকুটে লেখা ‘সময় থাকতে ভালো হয়ে যা’
নাটোরের নলডাঙ্গা উপজেলায় আব্দুল গফুর নামে এক ব্যক্তির বাড়ির গেটের সামনে কাফনের কাপড় ও একটি হুমকিমূলক চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে লেখা ছিল, ‘সময় থাকতে ভালো হয়ে যা’।
বুধবার (১ জুলাই) ভোরে উপজেলার পিপরুল ইউনিয়নের বাঁশভাগ গ্রামে এ ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে আব্দুল গফুর ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যান। নামাজ শেষে বাড়িতে ফিরে গেটের সামনে পলিথিনে মোড়ানো একটি সাদা প্যাকেট দেখতে পান। প্যাকেটটি খুলে তিনি ভেতরে কাফনের কাপড়ের মতো সাদা কাপড় এবং একটি হাতে লেখা চিরকুট দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের অবগত করেন।
চিরকুটে লেখা ছিল, ‘সময় থাকতে ভালো হয়ে যা। পরে আর সময় পাবি না। আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ নাই। অযথা খারাপ হওয়ার আগে ভালো হয়ে যা। আল্লাহ তোকে হেদায়েত দিন। পরের উপর নির্ভরশীলতা কমিয়ে দিয়ে আল্লাহর নির্ভর হ।’
আব্দুল গফুর জানান, সকালে এমন ঘটনা দেখে পরিবারের সবাই ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন। কারা বা কী উদ্দেশ্যে এমন কাজ করেছে, তা তারা বুঝতে পারছেন না। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম বলেন, ঘটনাটি জানার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চিরকুটটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।