সারাদেশ
৮ ঘণ্টা পর স্বাভাবিক রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ট্রেনে মারধরের অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট অচলাবস্থা কাটিয়ে প্রায় আট ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শিক্ষার্থীদের চার দফা দাবি মেনে নেওয়ার পর মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
ঘটনায় অভিযুক্ত ট্রেনের টিকিট পরীক্ষক সুমনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে পুরো ঘটনার সুষ্ঠু তদন্তে দুটি পৃথক কমিটি গঠনসহ মোট পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসন, রেলওয়ে কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, একটি কমিটি রেলওয়ের অভ্যন্তরীণ তদন্ত পরিচালনা করবে এবং অপর কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি থেকে নিরপেক্ষ তদন্ত করা হবে।
এ ছাড়া ভুক্তভোগী শিক্ষার্থীর চিকিৎসার জন্য রেলওয়ে হাসপাতালের পাশাপাশি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার সুযোগ রাখা হয়েছে। গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ চালুর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় আগামী ৬ আগস্ট পুনরায় সভা অনুষ্ঠিত হবে।
রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার জানান, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো প্রশাসন ইতিবাচকভাবে গ্রহণ করেছে। তদন্ত কমিটি নিরপেক্ষভাবে কাজ করবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তারা আশা করছেন। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাসও পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহাবুবর রহমান বলেন, শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদ ও দাবির প্রেক্ষিতে রেললাইন অবরোধ করা হয়েছিল। আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের দাবিগুলো পূরণ হওয়ায় যাত্রীদের দুর্ভোগ বিবেচনায় অবরোধ প্রত্যাহার করা হয়।
এর আগে সকালে অভিযুক্ত টিটিইর শাস্তি ও সুষ্ঠু তদন্তের দাবিতে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করলে প্রায় সাত ঘণ্টা রেল চলাচল বন্ধ থাকে। এতে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে পড়ে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে সমঝোতার ভিত্তিতে অবরোধ তুলে নেওয়ার পর পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।