সারাদেশ

নওগাঁয় বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের ১০৬ উদ্ভাবনী প্রকল্প


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৯ পিএম

নওগাঁয় বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের ১০৬ উদ্ভাবনী প্রকল্প
ছবি: সংগৃহীত

নওগাঁয় দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ মাঠে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় বিদ্যালয়টির প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। মেলায় শিক্ষার্থীরা ১০৬টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের উদ্ভাবনী চিন্তা ও মেধার পরিচয় তুলে ধরে তারা। উদ্বোধনের পর প্রধান অতিথি প্রকল্পগুলো ঘুরে দেখেন।

বিদ্যালয়টির সপ্তম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা জান্নাত বলেন, ‘আমি মেলায় উইন পাওয়ার এলইডি চার্জিং সিস্টেম উপস্থাপন করেছি। বাংলাদেশ উন্নয়নশীল দেশ, এখানে জ্বালানি সংকট সবসময় লেগেই থাকে। আমরা দিনের প্রায় এক চতুর্থাংশ সময় বিদ্যুৎবিহীন অবস্থায় কাটাই। আমাদের এই প্রকল্পে ব্যাটারি ছাড়াই বায়ুশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করছি। এই মেলার মাধ্যমে আমরা আমাদের মেধাকে উদ্ভাবনী কাজে লাগাতে পারছি।’

নবম শ্রেণির শিক্ষার্থী আদিত্য চৌধুরী বলেন, এ মেলার মাধ্যমে তারা নিজেদের চিন্তাভাবনা বিকশিত করার সুযোগ পাচ্ছে। এ ধরনের মেলা নিয়মিত আয়োজন করা হলে তারা আরও নতুন কিছু উদ্ভাবন করতে পারবে।

বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শরিফুর রহমান বলেন, প্রতিবছরের মতো এবারও বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে থাকা সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এ মেলার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের চিন্তাভাবনা ও উদ্ভাবনী ধারণা সবার সামনে তুলে ধরার সুযোগ পাচ্ছে।