সারাদেশ

নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৪


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৯:১৮ এএম

নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৪
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, বরিশালের বরগুনা থেকে রাজশাহীগামী আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভোরে বড়াইগ্রাম এলাকায় পৌঁছালে পাবনাগামী বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১৪ জন নিহত হন। আহত ও নিহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধারকাজ শুরু করেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সড়কের ওপর থাকায় প্রথমে নাটোর পাবনা মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল আবার শুরু হয়।

বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক মো. আলমগীর হোসেন ও নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ জানান, সংঘর্ষে ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।