সারাদেশ

মাদ্রাসা প্রতিষ্ঠার স্বপ্ন অধরাই রইল, ঈশ্বরদীতে গাছচাপায় ইমামের মৃত্যু


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পিএম

মাদ্রাসা প্রতিষ্ঠার স্বপ্ন অধরাই রইল, ঈশ্বরদীতে গাছচাপায় ইমামের মৃত্যু
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে বাড়িতে মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্দেশ্যে গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে মাওলানা মুফতি নজরুল ইসলাম নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুফতি নজরুল ইসলাম ওই গ্রামের মৃত আব্দুল হামিদ সরদারের ছেলে। তিনি দীর্ঘদিন ঢাকার একটি মসজিদে ইমামতি করেছেন। নিজ এলাকায় দ্বীনি শিক্ষার প্রসারে মাদ্রাসা প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে সম্প্রতি গ্রামে ফিরে আসেন তিনি। সর্বশেষ রহিমপুর পশ্চিমপাড়া জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নিজের বাড়ির একটি বিটুলি গাছ কাটছিলেন নজরুল ইসলাম। এ সময় অসাবধানতাবশত বিশাল গাছটি তার ওপর ভেঙে পড়ে। এতে গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুর রহমান এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মুফতি নজরুল ইসলামের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিজ এলাকায় মাদ্রাসা প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে গ্রামে ফিরে আসা এই ইমামের মৃত্যুতে স্থানীয়দের মধ্যে গভীর শোক বিরাজ করছে।