সারাদেশ

গোবিন্দগঞ্জে জোরপূর্বক অন্যের পুকুরের মাছ ধরতে গিয়ে যুবদল নেতা আটক (ভিডিও)


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ০৭:৪৭ পিএম

গোবিন্দগঞ্জে জোরপূর্বক অন্যের পুকুরের মাছ ধরতে গিয়ে যুবদল নেতা আটক (ভিডিও)
গোবিন্দগঞ্জে জোরপূর্বক অন্যের পুকুরের মাছ ধরতে গিয়ে যুবদল নেতা আটক। ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জোরপূর্বক মাছ ধরতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছেন এক যুবদল নেতা। সোমবার (১ জুলাই) রাতে উপজেলার শাখাহার ইউনিয়নের মোন্নাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে উত্তেজিত জনতা তাকে পুলিশের হাতে তুলে দেয়।

আটককৃত ব্যক্তি হলেন গোবিন্দগঞ্জ উপজেলা যুবদলের সদস্য ও শাখাহার ইউনিয়ন যুবদলের নেতা হোসাইন আহম্মেদ সজিব।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে জনৈক আলমের পুকুরে জোরপূর্বকভাবে মাছ ধরতে যান সজিব। এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা ঘটনাস্থলে ছুটে এসে তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

পুকুর মালিক আলম অভিযোগ করে বলেন, “সজিব বহুদিন ধরেই এলাকায় নানা অপকর্মে জড়িত। আজ আমার পুকুরে চুরি করতে এসে ধরা পড়েছে। আমি থানায় লিখিত অভিযোগ করেছি।”

এদিকে স্থানীয় একাধিক বাসিন্দা জানান, সজিব দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড, চাঁদাবাজি এবং ক্ষমতার অপব্যবহার করে আসছেন। তার বিরুদ্ধে আগে থেকেই ক্ষোভ রয়েছে এলাকাবাসীর।

নাম প্রকাশে অনিচ্ছুক শাখাহার ইউনিয়ন ছাত্রদলের এক নেতা বলেন, “ঘটনার বিষয়ে আমরা জেনেছি। পুলিশ সজিবকে আটক করে থানায় নিয়ে যায়। পরে বাদির সঙ্গে আপসের ভিত্তিতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সজীবের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন অভিযোগ রয়েছে।”

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ বিষয়ে ভুক্তভোগী থানায় একটি অভিযোগ করেন। পরে অভিযুক্ত সজিবকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে উভয় পক্ষ আপসে রাজি হলে তাকে ব্যক্তিগত জিম্মায় ছেড়ে দেওয়া হয়।”