সারাদেশ

লালমনিরহাটে সেনা কর্মকর্তা সেজে চাঁদাবাজি, দুই ভুয়া ‘মেজর’ আটক


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৩:২১ পিএম

লালমনিরহাটে সেনা কর্মকর্তা সেজে চাঁদাবাজি, দুই ভুয়া ‘মেজর’ আটক
দুই ভুয়া ‘মেজর’ আটক। ছবি: ঢাকাপ্রকাশ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সেনা কর্মকর্তা পরিচয়ে জমি উদ্ধারের নামে চাঁদাবাজির অভিযোগে দুই প্রতারককে আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে বড়খাতা ফেডারেশন এলাকায় এই ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন—রংপুরের হাজিরহাট এলাকার আলতাব হোসেনের ছেলে সাজু আহমেদ এবং তারাগঞ্জ উপজেলার জয়নুল আবেদীনের ছেলে মাসুম। তারা দু’জনই নিজেকে ‘মেজর’ পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকার রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি তার জমি উদ্ধারের জন্য প্রতিবেশী শহীদা নামের এক নারীর সাহায্য চান। শহীদা তাকে প্রতিশ্রুতি দেন, সেনাবাহিনীর লোকজনের মাধ্যমে জমি উদ্ধার করে দেবেন। এরপর শহীদার মাধ্যমেই সাজু ও মাসুমের সঙ্গে পরিচয় হয় রফিকুলের।

এজাহার অনুযায়ী, প্রতারক এই দুই ব্যক্তি নিজেদের সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে জমি উদ্ধারের জন্য রফিকুল ইসলামের কাছ থেকে মোট ৫০ হাজার টাকা দাবি করেন। এর মধ্যে ২০ হাজার টাকা সাত দিন আগে নিয়ে নেন তারা। আজ মঙ্গলবার বাকী ৩০ হাজার টাকা নিতে গেলে স্থানীয়দের সন্দেহ হয়।

পরে সাবেক এক সেনা কর্মকর্তার সহায়তায় সাজু ও মাসুমকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটক দু’জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”