সারাদেশ
সৈয়দপুর রেলস্টেশনে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা, বাঁচাল পুলিশ
নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় আত্মহত্যার চেষ্টা থেকে রক্ষা পেয়েছে এক হতাশাগ্রস্ত এসএসসি সমমান দাখিল পরীক্ষার্থী। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার দোয়ালি পাড়া গ্রামের ওই কিশোরী এবারের দাখিল পরীক্ষায় সৈয়দপুর উপজেলার হাজীপাড়া দাখিল মাদ্রাসা থেকে অংশ নেয়। ফলাফল প্রকাশের পর জানা যায়, সে দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছে। এতে মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়ে এবং গভীর হতাশায় আত্মহত্যার সিদ্ধান্ত নেয়।
পরিবারের অজান্তে স্টেশনে গিয়ে রেললাইনের পাশে অবস্থান নেয় সে। এ সময় তার অস্বাভাবিক আচরণ এবং অসংলগ্ন গতিবিধি লক্ষ্য করে প্ল্যাটফর্মে কর্তব্যরত রেলওয়ে পুলিশের সন্দেহ হয়। জনগণের সহায়তায় পুলিশ সদস্যরা মেয়েটিকে দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।
ঘটনার বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, “মেয়েটির অবস্থান ও আচরণ সন্দেহজনক মনে হলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করি। পরে রেলওয়ে থানার নারী ও শিশু হেল্প ডেস্কের সহায়তায় তার কাউন্সেলিং করা হয় এবং প্রয়োজনীয় মানসিক সহায়তা দেওয়া হয়।”
শেষ পর্যন্ত মেয়েটিকে তার মায়ের জিম্মায় নিরাপদে হস্তান্তর করা হয়েছে।