সারাদেশ
গাইবান্ধায় যৌথ বাহিনীর অভিযানে হ্যাকিং সরঞ্জামসহ ২ জন আটক
গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে হ্যাকার চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। আটককৃতরা হলেন আশিকুর রহমান (৩২) ও আদম হোসেন (২৮)। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মোবাইল ফোন, সিমকার্ড ও হ্যাকিং কাজে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি ডিভাইস জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ জুলাই) গভীর রাতে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তালুক রহিমাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সাঘাটা সেনা ক্যাম্পের এক ক্যাপ্টেনের নেতৃত্বে এবং গাইবান্ধা সেনা ক্যাম্পের একজন মেজরের উপস্থিতিতে, থানা পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।
আটক আশিকুর রহমান ওই এলাকার জামিল হোসেনের ছেলে এবং আদম হোসেন মুনসুর আলীর ছেলে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মোবাইল হ্যাকিং, প্রতারণা এবং অবৈধ তথ্য লেনদেনের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।"
এই সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে প্রযুক্তি-ভিত্তিক অপরাধ নির্মূলে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন তারা।