সারাদেশ
গাইবান্ধায় থানায় ঢুকে এএসআইকে ছুরিকাঘাত, অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা
গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি অভাবনীয় ঘটনা ঘটেছে—সরাসরি থানায় ঢুকে কর্তব্যরত পুলিশের এক সদস্যকে ছুরিকাঘাত করেছে এক অজ্ঞাত যুবক। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্য সহকারী উপপরিদর্শক (এএসআই) মহসিন আলী বর্তমানে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথা ও হাতে ছুরির আঘাত লাগে, তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।
সাঘাটা থানার ডিউটি অফিসার এএসআই লিটন মিয়া জানান, রাতের ডিউটির সময় আচমকা থানায় প্রবেশ করে এক ব্যক্তি, কোনো কথাবার্তা না বলেই মহসিন আলীর ওপর হামলা চালায়। মাথা ও হাতে ছুরিকাঘাত করার পর ওই হামলাকারী তার রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
তবে রাইফেল ছিনিয়ে নিতে না পেরে দ্রুত থানার পেছন দিয়ে পালিয়ে যায় সে। একপর্যায়ে থানার পাশের সাঘাটা হাই স্কুলের পুকুরে ঝাঁপ দেয় সে এবং সেখান থেকেই উধাও হয়ে যায়।
ঘটনার পর পুলিশ ও স্থানীয়রা মিলে পুকুরসহ আশপাশের এলাকা তল্লাশি চালালেও রাত সাড়ে ১২টা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।
এএসআই লিটন মিয়া বলেন, “ঘটনাটি খুবই অস্বাভাবিক। থানা নিরাপত্তার জায়গা—সেখানে ঢুকে কেউ এভাবে হামলা চালাবে, এটা চিন্তাও করা যায় না। আমরা হামলাকারীকে শনাক্ত ও আটক করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
এদিকে কী কারণে হামলাটি চালানো হয়েছে বা হামলাকারী কে—তা এখনও স্পষ্ট নয়।
পুলিশ বলছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং এ বিষয়ে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।