সারাদেশ
উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট, লোডশেডিং কমার আশা
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট আবারও বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে। যান্ত্রিক ত্রুটির কারণে ৯ দিন বন্ধ থাকার পর বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে ইউনিটটি চালু করা হয়।
বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, তৃতীয় ইউনিট চালু হওয়ার পর থেকে এখন জাতীয় গ্রিডে প্রায় ১৫০ থেকে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
এর আগে, ২১ জুলাই ভোরে যান্ত্রিক ত্রুটির কারণে তৃতীয় ইউনিট এবং দুপুরের দিকে প্রথম ইউনিটও বন্ধ হয়ে যায়। তবে একদিন পর, ২২ জুলাই রাতে ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটটি পুনরায় চালু হয়।
প্রকৌশলী জানান, তৃতীয় ইউনিট চালু হওয়ায় উত্তরাঞ্চলে বিদ্যুৎ সংকট কিছুটা স্বস্তি পেতে শুরু করেছে। লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে বলেও আশা করা হচ্ছে।
উল্লেখ্য, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন সক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে তৃতীয় ইউনিট একাই ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম।