সারাদেশ

তরুণীর প্রেমের টানে দিনাজপুরে চীনা যুবক


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১১:০২ এএম

তরুণীর প্রেমের টানে দিনাজপুরে চীনা যুবক
ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরল উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়নের কাজিপাড়া শিমুলতলা গ্রামে সম্প্রতি এক রোমান্টিক প্রেমকাহিনি চাঞ্চল্য সৃষ্টি করেছে।

সুদূর চীন থেকে এক যুবক ইয়ং সং সং (২৬) প্রেমের টানে ছুটে এসে পৌঁছেছেন এই ছোট্ট গ্রামে, উদ্দেশ্য একটাই—প্রিয়তমা সুরভী আক্তারকে (১৯) বিয়ে করা।

প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গাঢ় হয়ে ওঠে মধুর ভালোবাসায়। এতটাই গভীর হয় সম্পর্ক, যে ইয়ং সং সং সাগর পাড়ি দিয়ে সুরভীর সঙ্গে একসাথে নতুন জীবন গড়ার স্বপ্ন নিয়ে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন।

ইয়ং সং সং পেশায় একজন নির্মাণ ইঞ্জিনিয়ার এবং তার বাড়ি চীনের জিয়াংসু প্রদেশে। তিনি তার বাবার (মৃত ইউয়ান সিকি) ও মা লিউ ফেনহং-এর সন্তান। তার এমন সাহসী পদক্ষেপ এবং ভালোবাসার গল্প জানার পর থেকে এলাকায় ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। প্রতিদিন শত শত উৎসুক মানুষ সুরভীর বাড়িতে ভিড় জমাচ্ছেন, যিনি সেই চীনা যুবকের ভালোবাসার গল্প শুনতে ও এক নজর দেখার জন্য আগ্রহী।

সুরভী ও ইয়ং সং সং একসাথে জানালেন, ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে শুরু হওয়া তাদের বন্ধুত্ব ক্রমেই রূপ নিয়েছে প্রেমে। গত ৪ আগস্ট ইয়ং সং সং চীন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এবং ১০ আগস্ট সন্ধ্যায় সুরভীর বাড়িতে পৌঁছান।

স্থানীয়রা ও সুরভীর পরিবার জানিয়েছেন, ইয়ং সং সং-এর পরিচয়পত্র ও অন্যান্য আনুষ্ঠানিকতা যাচাই করা হচ্ছে। সবকিছু সঠিক হলে শীঘ্রই তাদের বিয়ে সম্পন্ন হবে। এই অনন্য ভালোবাসার গল্প যেন প্রতীক হয়ে দাঁড়ালো সীমানা, ভাষা ও সংস্কৃতির সীমাবদ্ধতাকে অতিক্রম করে ভালোবাসার বিজয়।