সারাদেশ

গাইবান্ধায় অটোরিকশায় ট্রাকের ধাক্কা, ১৯ দিনের শিশুসহ নিহত ৩


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৮:০৩ পিএম

গাইবান্ধায় অটোরিকশায় ট্রাকের ধাক্কা, ১৯ দিনের শিশুসহ নিহত ৩
ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি চলন্ত ট্রাকের ধাক্কায় যাত্রীবোঝাই অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেলে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন। নিহতদের মধ্যে রয়েছে মাত্র ১৯ দিন বয়সী একটি শিশু।

এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন, যাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর দুইটার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মৌসুমী তেলের পাম্পের সামনে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি মালবোঝাই ট্রাক বেপরোয়া গতিতে এসে সামনে থাকা একটি যাত্রীবোঝাই অটোরিকশাকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন শিশু ও দুই পুরুষ যাত্রীর মৃত্যু হয়।

নিহতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের জাঙ্গালপাড়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় পিয়ারাপুর মাদ্রাসার শিক্ষক জাহিদুল ইসলাম, একই ইউনিয়নের চাপড়াপাড়া গ্রামের নুরুন্নবী মন্ডল এবং সবুজ মিয়ার ১৯ দিন বয়সী শিশু কন্যা সায়মা খাতুন। তারা সবাই দুর্ঘটনাকবলিত অটোরিকশার যাত্রী ছিলেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটি আটক করে থানায় নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের কাজ চলছে।

এদিকে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, প্রথমে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও পরে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তিনজনই মারা গেছেন। আহত পাঁচজনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।