সারাদেশ
গোবিন্দগঞ্জে গলা কেটে জামায়াত নেতাকে হত্যা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নজরুল ইসলাম নজির (৪০) নামে জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৭ আগস্ট) সকালে উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রাম এলাকায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত নজরুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের শীতলগ্রাম ওয়ার্ড সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি বিকাশ ও নগদ এজেন্ট এবং পান ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, শনিবার রাতে ব্যবসা শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তার গলা কেটে মাটির রাস্তায় ফেলে যায়। সকালে এলাকাবাসী মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল আহমেদ বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টাকা লুটের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে। তবে হত্যার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।"