সারাদেশ
পীরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
রংপুরের পীরগঞ্জ উপজেলার ১২ নং কুতুবপুর ইউনিয়নের গোবরা কুতুবপুর গ্রামে যৌথ বাহিনীর অভিযানে মোছাম্মৎ ঝর্না বেগম (৩৫) নামে এক চিহ্নিত নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) রাত ১১টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত চলা অভিযানে সেনা ও পুলিশের যৌথ দল তাকে নিজ বাড়ি থেকে আটক করে।
অভিযান চলাকালে তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, তিনটি মোবাইল ফোন, নগদ ৮৭ হাজার ৬০০ টাকা এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
সেনা ও পুলিশ সূত্র জানায়, ঝর্না বেগম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয়ভাবে চিহ্নিত হওয়া সত্ত্বেও তাকে গ্রেফতার করতে পুলিশের পূর্বের একাধিক চেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে বিশ্বস্ত সূত্র থেকে তথ্য পাওয়ার পর পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি সেনা কর্তৃপক্ষকে জানান এবং যৌথ অভিযানের আবেদন করেন।
এরপর পীরগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাকিবুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর ১৬ সদস্য ও পুলিশের ৬ সদস্যের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়। অভিযানে সফলভাবে ঝর্না বেগমকে আটক করা সম্ভব হয়।
গ্রেফতারের পর আটককৃত নারী ও উদ্ধারকৃত আলামত পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।