সারাদেশ
নীলফামারী-৩ আসনের সাবেক এমপি সাদ্দাম হোসেন পাভেল গ্রেপ্তার
ছাত্র আন্দোলনে হামলার একাধিক মামলার আসামি নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পাভেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর লালমাটিয়া এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিবি (গোয়েন্দা পুলিশ)।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, ‘জুলাই আন্দোলনে’ নেতৃত্ব দিয়ে ছাত্রদের ওপর হামলার ঘটনায় জলঢাকা থানাসহ ঢাকায় পাভেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই আত্মগোপনে ছিলেন।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ বলেন, “জুলাই আন্দোলনে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় সাদ্দাম হোসেন পাভেলকে শ্যোন অ্যারেস্ট দেখানোর প্রক্রিয়া চলছে।”
জানা যায়, গত বছরের ৮ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে একটি মিছিল জলঢাকা বাজার হয়ে পেট্রলপাম্প এলাকায় পৌঁছালে তা লক্ষ্য করে হামলা চালানো হয়। মামলার অভিযোগপত্রে বলা হয়, সাবেক এমপি পাভেল, সাবেক এমপি গোলাম মোস্তফা, উপজেলা চেয়ারম্যান আনছার আলী মিন্টু, সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুরসহ কয়েকজন আওয়ামী লীগ নেতার নেতৃত্বে ধারালো অস্ত্রসহ সশস্ত্র হামলা হয়।
মামলার বাদী ইয়াছিন আলী অভিযোগ করেছেন, তাকে হত্যার উদ্দেশ্যে মাথা ও হাতে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এই ঘটনায় জলঢাকা থানায় দায়ের করা মামলায় অজ্ঞাতনামা আরও ১,০০০ থেকে ১,৫০০ জনকে আসামি করা হয়েছে।