সারাদেশ
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
জয়পুরহাটের আক্কেলপুরে কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভদ্রকালী চক্রঘুনাথ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হলহলিয়া রেল ব্রিজের পূর্ব পাশে রেললাইন ভাঙা থাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
লাইনচ্যুত হয়ে ট্রেনটি প্রায় ১ কিলোমিটার দূরে গিয়ে পড়ে। হঠাৎ এ ঘটনায় যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করলে মুহূর্তেই আশপাশের লোকজন ছুটে আসেন। দুর্ঘটনার পর থেকেই উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়, ফলে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী।
খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে যায়। পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ চালাচ্ছে। কর্মকর্তারা জানান, লাইনচ্যুত বগি অপসারণ না করা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।
যাত্রীরা অভিযোগ করেছেন, লাইন সংস্কারে গাফিলতি ও অবহেলার কারণেই দুর্ঘটনা ঘটেছে। তাদের দাবি, ট্রেন থামাতে দেরি হলে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারত।
এক যাত্রী তাসিম বিল্লাহ জানান, “সান্তাহার স্টেশন ছাড়ার পর পুরো ট্রেন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। হঠাৎ বিকট শব্দ ও ঝাঁকুনির পর ট্রেন থেমে যায়। আমরা ভয়ে আতঙ্কিত হলেও বড় ক্ষতি হয়নি।”
স্থানীয় বাসিন্দা সোহাগ হোসেন বলেন, “রাত সাড়ে তিনটার দিকে বিকট শব্দ শুনে এসে দেখি ট্রেন লাইনচ্যুত।”
আক্কেলপুর স্টেশনের স্টেশনমাস্টার হাসিবুল হাসান বলেন, রাত ৩টা ১২ মিনিটে কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত হয়। দ্রুত উদ্ধার কার্যক্রম চলছে।
সান্তাহার স্টেশন মাস্টার খাতিজা খাতুন জানান, পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন এসে কাজ করছে, দ্রুত রেল চলাচল স্বাভাবিক হবে।
সান্তাহার রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান হাবিব বলেন, “ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ২৯৯ নম্বর পিলারের কাছে এসে লাইনচ্যুত হয়। আমরা দ্রুত উদ্ধার কাজ চালাচ্ছি।”