সারাদেশ
পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক
ঢাকা থেকে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুতির কারণে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনের দক্ষিণে ভদ্রকালী এলাকায় এই ঘটনা ঘটে।
লাইনে চাকা ওঠার কারণে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হলে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকা রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তবে পরিস্থিতি সামলাতে ট্রেনটির বাকি বগি নিয়ে কেবলমাত্র পাঁচটি বগি স্টেশনে পৌঁছায়। পরবর্তীতে সকাল ৮টার দিকে পার্বতীপুর থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
যাত্রীরা প্রায় পাঁচ ঘণ্টা ভোগান্তিতে পড়ে। শিহান পরমানিক নামে এক যাত্রী বলেন, “আমরা ঢাকা থেকে কুড়িগ্রাম যাচ্ছিলাম। সান্তাহার স্টেশন ছাড়ার পর পুরো ট্রেন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। হঠাৎ বিকট শব্দে ও ঝাঁকুনি দিয়ে ট্রেন থেমে যায়। কিছুটা ভয় পেলেও তেমন ক্ষয়ক্ষতি হয়নি।”
স্থানীয়রা জানান, ভোর পৌনে ৪টার দিকে ট্রেনের লাইনচ্যুতির বিষয়টি দেখতে পেয়ে সহায়তার জন্য এগিয়ে আসেন। অনন্তপুরের বাসিন্দা মইনুল ইসলাম বলেন, “হললিয়া ব্রিজের পূর্ব পাশে লাইন ভাঙার কারণে সম্ভবত ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। ব্রিজের ঠিক ধার ঘেঁষে চাকা গিয়েছে, এতে বড় দুর্ঘটনা ঘটতে পারতো।”
সান্তাহার রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার খাদিজা খাতুন নিশ্চিত করেন, “ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেসের একটি বগি রবিবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে লাইনচ্যুত হয়। খবর পেয়ে দ্রুত রিলিফ ট্রেন এসে বগিটি উদ্ধার করে এবং সকাল ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।”