সারাদেশ

সাংবাদিক নির্যাতন মামলা: কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানার হাইকোর্টে জামিন


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২০ পিএম

সাংবাদিক নির্যাতন মামলা: কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানার হাইকোর্টে জামিন
কুড়িগ্রামের তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীন। ছবি: সংগৃহীত

সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে ভ্রাম্যমাণ আদালতের নামে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে থাকা কুড়িগ্রামের তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের হাইকোর্ট বেঞ্চ ছয় মাসের জামিন মঞ্জুর করেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট ফয়জুল্লাহ ফয়েজ ও ব্যারিস্টার জিয়াউর রহমান। অন্যদিকে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি।

এর আগে সোমবার (৮ সেপ্টেম্বর) একই মামলায় সুলতানা পারভীনের জামিনের আবেদনের ওপর আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেছিলেন হাইকোর্ট।

গত ২ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ মোসাম্মৎ ইসমত আরা এ মামলায় সুলতানা পারভীনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, তৎকালীন ডিসি সুলতানা পারভীনের নির্দেশে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে ভ্রাম্যমাণ আদালতের নামে মধ্যরাতে বাসা থেকে তুলে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।