সারাদেশ
রংপুর বিভাগের ৭ জেলায় সদস্য সংগ্রহের নির্দেশ জাতায়তাবাদী আইনজীবী ফোরামের
রংপুর বিভাগের সাত জেলায় নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (বিএনপি সমর্থিত আইনজীবীদের সংগঠন)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও সুপ্রিম কোর্টের আইনজীবী এ.এইচ.এম. আব্দুল ওয়াহেদ সঞ্জিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুর জেলার ইউনিট কমিটিগুলোকে ১৮ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৫ সালের মধ্যে নতুন সদস্য সংগ্রহ সম্পন্ন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যারা সর্বশেষ জেলা ইউনিটের কাউন্সিলের পর বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদপ্রাপ্ত হয়েছেন, কেবল তারাই নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্তির যোগ্য হবেন।
এছাড়াও সদস্য সংগ্রহ কার্যক্রম শেষে ইউনিটগুলোর বিদ্যমান ভোটার তালিকার সঙ্গে সমন্বয় করে নতুন খসড়া ভোটার তালিকা ২৮ সেপ্টেম্বরের মধ্যে বারের নোটিশ বোর্ডে টাঙিয়ে দিতে হবে। তালিকায় আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষর থাকতে হবে।
যদি কারও কোনো আপত্তি থাকে, তাহলে সেই আপত্তির অনুলিপিসহ সংশোধিত তালিকা ৩০ সেপ্টেম্বর ২০২৫ সালের মধ্যে কেন্দ্রীয় দপ্তরে পাঠাতে বলা হয়েছে। কেন্দ্রীয় কমিটির অনুমোদনের পরই তালিকাটি চূড়ান্ত বলে বিবেচিত হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট জেলা ইউনিটের আহ্বায়ক ও সদস্য সচিবদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সময়মতো কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।