সারাদেশ

বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে যুবক আটক


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৭ পিএম

বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে যুবক আটক
মহিবুল ইসলাম। ছবি: সংগৃহীত

বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দিনাজপুরের পার্বতীপুর থেকে মহিবুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তিনি পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের উত্তর আটরাই গ্রামের বাসিন্দা। তার বাবা হাদীউজ্জামান একজন ফল ব্যবসায়ী।

মহিবুল তিন ভাই ও দুই বোনের মধ্যে তৃতীয় এবং বর্তমানে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন।

ঘটনার সূত্রপাত হয় যখন বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সন্দেহে তদন্তে নামে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তদন্তে উঠে আসে মহিবুলের নাম, যিনি অভিযোগের খবর পেয়ে আত্মগোপনে চলে যান।

তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গোয়েন্দা পুলিশ জানতে পারে, তিনি ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনে করে বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন। ট্রেনে রেল পুলিশের সহায়তায় তাকে শনাক্ত করা হয় এবং দিনাজপুর জেলা ডিবি পুলিশ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পার্বতীপুর রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি রফিকুজ্জামান। তিনি জানান, আটককৃত মহিবুলকে রাতে ঢাকার ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।