সারাদেশ
গাইবান্ধায় স্ত্রীকে হত্যার পর কলাবাগানে লাশ ফেলে পালানো স্বামী গ্রেফতার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্ত্রীকে গলা কেটে হত্যার পর লাশ কলাবাগানে ফেলে পালানো স্বামী ফরিদ উদ্দীন (৪৫) অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন।
রোববার (২১ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার নাসিরাবাদ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।
পুলিশ জানায়, ফরিদ উদ্দীন উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাগদা বাজার এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ রাতেই শিউলী বেগমের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের ভাই সোহেল রানা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিউলী বেগম (৩৫) বোগদহ সদর কলোনী এলাকার শরীফ মিয়ার মেয়ে। তিনি ছিলেন ফরিদের দ্বিতীয় স্ত্রী। দাম্পত্য জীবনে তাদের আট বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। এছাড়া ফরিদের প্রথম স্ত্রী থেকে আরও দুই সন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পুলিশ কর্মকর্তা বুলবুল ইসলাম জানান, ফরিদকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। হত্যাকাণ্ডের পেছনে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।