সারাদেশ

রংপুরে অ্যানথ্রাক্সে আক্রান্ত ৮ জন শনাক্ত


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১১:১৬ এএম

রংপুরে অ্যানথ্রাক্সে আক্রান্ত ৮ জন শনাক্ত
ছবি: সংগৃহীত

রংপুরের পীরগাছা উপজেলায় অ্যানথ্রাক্সে আক্রান্ত আরও ৮ জন রোগী শনাক্ত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। জেলা সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত জুলাই ও সেপ্টেম্বরে অ্যানথ্রাক্স উপসর্গ নিয়ে পীরগাছায় দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে চার ইউনিয়নে অর্ধশত মানুষ আক্রান্ত হন। আক্রান্ত এলাকার অসুস্থ গরুর মাংসের নমুনা পরীক্ষায় অ্যানথ্রাক্স শনাক্ত হয়।

স্থানীয়দের দাবি, গত দুই মাসে শতাধিক গবাদিপশু মারা গেছে। এসব প্রাণীর সংস্পর্শে এসে অর্ধশতাধিক মানুষ আক্রান্ত হন। তবে জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, আক্রান্ত এলাকা ও আশপাশে ১ লাখ ৬৫ হাজার গবাদিপশুকে অ্যানথ্রাক্স প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে।

পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জানিয়েছে, এখন পর্যন্ত ৫০ জন রোগীর তথ্য তাদের কাছে আছে। এর মধ্যে বেশিরভাগ রোগী সুস্থ হয়ে উঠেছেন। চিকিৎসকরা বলছেন, অ্যানথ্রাক্স আক্রান্ত পশুর মাংস, রক্ত, শ্লেষ্মা বা হাড়ের সংস্পর্শে মানুষ আক্রান্ত হয়, তবে মানুষ থেকে মানুষে এ রোগ ছড়ায় না।

সিভিল সার্জন আরও জানান, পীরগাছার বাইরে কাউনিয়া ও মিঠাপুকুরেও অ্যানথ্রাক্স উপসর্গের রোগী শনাক্ত হয়েছে। আরও আটজনের নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে। তিনি অসুস্থ গবাদি পশু জবাই না করা এবং তাদের মাংস না খাওয়ার পরামর্শ দিয়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তদের জন্য পর্যাপ্ত অ্যান্টিবায়োটিক মজুত রয়েছে এবং প্রাণিসম্পদ বিভাগকে টিকা কার্যক্রম আরও জোরদার করার পরামর্শ দেওয়া হয়েছে।