সারাদেশ

সম্মেলনের আমন্ত্রণ জানিয়ে ফেরার পথে বিএনপি নেতার মৃত্যু


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৩:২৫ পিএম

সম্মেলনের আমন্ত্রণ জানিয়ে ফেরার পথে বিএনপি নেতার মৃত্যু
আনিছুর রহমান লাকু। ছবি: সংগৃহীত

রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৮ অক্টোবর) সকাল ৭টা ১০ মিনিটে ঢাকায় সাংগঠনিক সফর শেষে রংপুরে ফেরার পথে বগুড়ার শেরপুরে হৃদরোগে আক্রান্ত হন তিনি।

তাৎক্ষণিকভাবে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

তিনি স্ত্রী, দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে রংপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই নগরীর নুরপুরের তার বাসায় ভিড় করছেন, কেউ কেউ কান্নায় ভেঙে পড়ছেন।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, আনিছুর রহমান লাকু আসন্ন ১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য রংপুর জেলা বিএনপির সম্মেলনে দলীয় মহাসচিবসহ কেন্দ্রীয় নেতাদের আমন্ত্রণ জানাতে ঢাকায় গিয়েছিলেন। সফর শেষে ফেরার পথেই তিনি হৃদরোগে আক্রান্ত হন।

তার জানাজা অনুষ্ঠিত হবে আজ (৮ অক্টোবর) বিকেল ৪টায় রংপুর জেলা কালেক্টরেট ঈদগাহ মাঠে। এর আগে মরদেহ রংপুর শহরের গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপির কার্যালয়ে নেওয়া হবে, যেখানে দলীয় নেতাকর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানাবেন।

আনিছুর রহমান লাকু রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। তিনি রংপুর মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা হিসেবে দলীয় নেতাকর্মীদের কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়। শেখ হাসিনার সরকারের সময়ে তার বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং তিনি দীর্ঘদিন কারাভোগ করেন। এমনকি একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুম হয়েছিলেন বলেও দলীয় সূত্রে দাবি করা হয়।

তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল ইসলাম, মহানগর আহ্বায়ক সামসুজ্জামান সামু, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, ওলামা দল, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।