সারাদেশ

বুক দিয়ে ঘানি টানা সেই বৃদ্ধের পাশে দাঁড়ালেন তারেক রহমান


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৮:৫৯ পিএম

বুক দিয়ে ঘানি টানা সেই বৃদ্ধের পাশে দাঁড়ালেন তারেক রহমান
বুক দিয়ে ঘানি টানা সেই বৃদ্ধের পাশে দাঁড়ালেন তারেক রহমান। ছবি: সংগৃহীত

তিন দশকেরও বেশি সময় ধরে বুকের শক্তিতে ঘানি টেনে জীবিকা চালাচ্ছিলেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মোস্তাকিন আলী। বয়স ৫৬, শরীরে বয়সের ছাপ স্পষ্ট, কিন্তু জীবনসংগ্রামে এতটুকু ছাড় নেই। স্ত্রী ছকিনা বেগমকে পাশে নিয়ে প্রতিদিন তেলের ঘানি টেনে চলতেন তিনি বুকের পেশিতে, ঘামে, পরিশ্রমে।

সম্প্রতি সংবাদমাধ্যমে মোস্তাকিন আলীর জীবনসংগ্রামের খবর প্রকাশ হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। অসংখ্য মানুষ তার পাশে দাঁড়ান সহানুভূতির হাত বাড়িয়ে। এবার সেই তালিকায় যুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৮ অক্টোবর) জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুর গফুর সরকার জানান, সংবাদটি ভাইরাল হওয়ার পরপরই বিষয়টি জানতে পারেন তারেক রহমান। এরপর তিনি কেন্দ্রীয় নেতাদের দ্রুত মোস্তাকিন আলীর পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

তারই নির্দেশনায় বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা কিশোরগঞ্জে গিয়ে মোস্তাকিনের হাতে তুলে দেবেন দুটি অটোরিকশা ও নগদ অর্থ।

এতে শুধু রাজনৈতিক নেতারাই নয়, সাধারণ মানুষ, স্থানীয় বাসিন্দা এবং প্রশাসনও এগিয়ে এসেছেন। স্থানীয় এক ব্যক্তি নিজ উদ্যোগে মোস্তাকিনের পুরনো ছাপড়া ঘরের পাশে একটি টিনের ঘর নির্মাণ করে দিচ্ছেন। সেই ঘরের পাশে বসানো হচ্ছে একটি বিদ্যুৎচালিত তেলের ঘানি মেশিন—যাতে আর বুক দিয়ে ঘানি টানতে না হয় মোস্তাকিনকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাকিন আলীকে চার বান্ডিল টিন, এক মণ সরিষা, নগদ অর্থ এবং খাদ্যসামগ্রী প্রদান করেছেন।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত মোস্তাকিন আলী বলেন, "জীবনে কখনো ভাবিনি এমন পরিবর্তন আসবে। যারা আমার পাশে দাঁড়িয়েছেন, আল্লাহ যেন তাদের উত্তম প্রতিদান দেন।"

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি বিলকিস ইসলাম বলেন, "পরিশ্রমী মানুষের পাশে দাঁড়ানো শুধু রাজনীতি নয়, এটা আমাদের নৈতিক দায়িত্ব। মোস্তাকিনের মতো সংগ্রামী মানুষের পাশে থাকতে পেরে আমরা গর্বিত।"